Facebook Youtube Twitter LinkedIn
Motivational

চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন না

image

চাকরি খোঁজার দীর্ঘ প্রক্রিয়া শুধু সময়, অর্থ ও শ্রমই ক্ষয় করে না; মানসিক স্বাস্থ্যের ওপরও এর গুরুতর প্রভাব ফেলতে পারে। বারবার আবেদন, প্রত্যাখ্যান কিংবা নিয়োগদাতার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ার অভিজ্ঞতা একসময় আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের অনুভূতিকে দুর্বল করে দিতে পারে।
লিংকডইন রিসার্চের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, ২০২৬ সালে একটি শূন্য পদের বিপরীতে ২০২২ সালের একই ধরনের পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ।
ফলে অনেক চাকরিপ্রার্থীর কাছে চাকরি খোঁজার অভিজ্ঞতা ক্রমেই হতাশাজনক হয়ে উঠছে। তবে চাকরি খোঁজা এবং না পাওয়ার এই সময়টার অভিজ্ঞতা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। সাধারণভাবে একজন চাকরিপ্রার্থী যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন, তার সমাধান খোঁজা হয়েছে এই লেখায়।
‘ব্ল্যাকহোলে’ কথা বলার মতো অনুভূতি
সাংবাদিক ও লেখক আসিফুর রহমান কয়েক মাস ধরে চাকরির জন্য আবেদন করছেন। বারবার জীবনবৃত্তান্ত ঠিক করা, বিভিন্ন ফরম পূরণ এবং কভার লেটার তৈরির পরও তিনি কাঙ্ক্ষিত পূর্ণকালীন চাকরির দিকে এগিয়ে নিতে পারে এমন সাক্ষাৎকার পাচ্ছিলেন না। চাকরির আবেদনের এই অভিজ্ঞতাকে তিনি এমন এক জায়গার সঙ্গে তুলনা করেছেন, যেখানে আবেদন করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না।
চাকরি খোঁজার বর্তমান প্রক্রিয়ায় এমন অভিজ্ঞতা অস্বাভাবিক নয়। ক্যারিয়ার কাউন্সেলর আমান্ডা ল্যাঙ্গারের মতে, আবেদনকারীর যোগ্যতার সঙ্গে সব সময় প্রত্যাখ্যানের সরাসরি সম্পর্ক থাকে না। কিন্তু বারবার প্রত্যাখ্যান বা কোনো উত্তর না পাওয়া অনেক সময় একজন চাকরিপ্রার্থীর কাছে নিজের দক্ষতা ও যোগ্যতার ওপর ব্যক্তিগত মূল্যায়ন হিসেবে মনে হতে পারে।
দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান মানুষের আত্মবিশ্বাস, নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণের অনুভূতি এবং আর্থিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
চাকরি হারানোর সঙ্গে মানসিক চাপের সম্পর্ক
দীর্ঘদিন বেকার থাকার সঙ্গে উদ্বেগ ও বিষণ্নতাসহ বিভিন্ন মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে বলে গবেষণায় দেখা গেছে। দীর্ঘ সময় ধরে চাকরি খুঁজতে থাকা ব্যক্তিদের মধ্যে চাপ ও ক্লান্তির মাত্রাও বাড়তে পারে।
ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞানের অধ্যাপক মিন্ডি শসের মতে, দীর্ঘ সময়ের চাকরির সন্ধান দৈনন্দিন কাজগুলোকে আরও কঠিন করে তুলতে পারে। অনেক মানুষের পরিচয়, সামাজিক যোগাযোগ, দৈনন্দিন রুটিন এবং নিজের সম্পর্কে ধারণার সঙ্গে পেশাগত জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
চাকরি হারানোর পর সেই কাঠামো ভেঙে গেলে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত অনিশ্চয়তা আরও বাড়তে পারে।
মানসিক চাপ সামলাতে যা করতে পারেন
দীর্ঘদিনের বেকারত্ব মানসিক স্বাস্থ্যের বিদ্যমান সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। গুরুতর ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা প্রয়োজন হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আকিব উল হক বলেন, ‘এই সময়ে মানসিকভাবে সুস্থ থাকতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ব্যক্তির দৃষ্টিভঙ্গি। যেমন অনেকে মনে করেন নির্দিষ্ট চাকরিটি না পেলে জীবন ব্যর্থ। এটি বাস্তবসম্মত কিনা তা ভাবতে হবে।’
আকিব উল হক আরও বলেন, চাপ মোকাবিলা করার কৌশলও ভিন্ন ভিন্ন হতে পারে। তবে এ ক্ষেত্রে পরিবার ও বন্ধুদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমস্যা সমাধান করতে না পারলেও মনযোগ দিয়ে শোনা, সমব্যথী হওয়া এবং হাসাহাসি না করে পাশে থাকলে চাপ সামলানো সহজ হয়।
নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলুন
এ সময়ে নেতিবাচক ব্যক্তিদের এড়িয়ে চলা উচিত। নেতিবাচক মনোভাবের মানুষেরা মনোবল ভেঙে দিতে পারে। যে পরিবেশ সফলতার দিকে উদ্বুদ্ধ করার পরিবর্তে অপরাধবোধ সৃষ্টি করে, সেখান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সহযোগী অধ্যাপক আকিব উল হক।
আবেগ নিয়ন্ত্রণ ও পরিচালনা
চাকরি খোঁজার দীর্ঘ প্রক্রিয়ায় হতাশা, রাগ, উদ্বেগ কিংবা আত্মবিশ্বাস কমে যাওয়ার মতো অনুভূতি তৈরি হওয়া স্বাভাবিক। এ সময়ে আবেগকে চেপে না রেখে তা বুঝতে এবং পরিস্থিতি অনুযায়ী পরিচালনা করতে পারা গুরুত্বপূর্ণ।
বারবার প্রত্যাখ্যানকে নিজের যোগ্যতার চূড়ান্ত মূল্যায়ন হিসেবে না দেখে চাকরির বাজারের বাস্তবতার অংশ হিসেবে দেখার চেষ্টা করা যেতে পারে। কারণ বর্তমানে ঘোস্ট জব, এআই ইন্টারভিউ ইত্যাদির কারণে চাকরির বাজার প্রতিকূল হয়ে উঠছে।
তবে কিছু সময় বিরতি নেওয়া, কাছের মানুষের সঙ্গে কথা বলা কিংবা নিয়মিত কাজের রুটিনে ফিরে আসা মানসিক চাপ সামলাতে সহায়তা করতে পারে।
চাকরির বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, চাকরি খোঁজার প্রক্রিয়াটি শুধু কর্মসংস্থানের প্রশ্নে সীমাবদ্ধ থাকছে না। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা এবং বারবার প্রত্যাশা ভেঙে যাওয়ার অভিজ্ঞতা একজন মানুষের আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতার ওপরও প্রভাব ফেলতে পারে।
Collected From  prothomalo



Related Posts

image

বেতন বেশি হলেই কি চাকরি ভালো: সিদ্ধান্ত নেওয়ার আগে ৭টি বিষয় ভাবুন

26/08/2026

Motivational

চাকরির দুটি সুযোগ। একটিতে মাসে বেতন ১ লাখ ২০ হাজার টাকা। অন্যটিতে মাত্র ৬০ হাজার। বিজ্ঞাপন দেখেই অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ১ লাখ ২০ হাজার টাকার চাকরিটিই নিশ্চয়ই সেরা। কিন্তু দাঁড়ান! সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা দর

image

Six Icebreakers to Help Your Team Finally Connect

01/07/2026

Motivational

Remote teams often do not struggle to communicate. They struggle to connect. But somewhere between the task list and the end-of-day sign-off, the part that makes a team feel like a team can go missing. 

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

30/06/2026

Motivational

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো


Do you Need Any Help?