Facebook Youtube Twitter LinkedIn
Motivational

বেতন বেশি হলেই কি চাকরি ভালো: সিদ্ধান্ত নেওয়ার আগে ৭টি বিষয় ভাবুন

image

চাকরির দুটি সুযোগ। একটিতে মাসে বেতন ১ লাখ ২০ হাজার টাকা। অন্যটিতে মাত্র ৬০ হাজার। বিজ্ঞাপন দেখেই অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ১ লাখ ২০ হাজার টাকার চাকরিটিই নিশ্চয়ই সেরা। কিন্তু দাঁড়ান! সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা দরকার।
যদি ১ লাখ ২০ হাজার টাকার চাকরিতে দিনে ১১ ঘণ্টার খাটুনি খাটতে হয়? ছুটির দিনেও যদি বসের ফোনকল তাড়া করে ফেরে? দুই বছর পর যদি বেতন বৃদ্ধির কোনো নামগন্ধই না থাকে?
আর বিপরীতে ৬০ হাজার টাকার চাকরিতে যদি নির্ধারিত সময়েই ছুটি মেলে? সপ্তাহে দুই দিন নিশ্চিন্তে ঘুমানোসহ নিজের মতো করে কাটানো যায়? নতুন অনেক কিছু শেখার সুযোগ থাকে?
তাহলে কোনটা আসলেই ভালো চাকরি? দ্বিগুণ বেতন মানেই কি দ্বিগুণ ভালো জীবন?
আন্তর্জাতিক গবেষণা বলছে, বিষয়টিতে ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম বহুজাতিক মানবসম্পদ (HR) ও রিক্রুটমেন্ট কনসাল্টিং ফার্ম ‘র‍্যান্ডস্ট্যান্ড’ ২০২৬ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে। ২৭ হাজারের বেশি কর্মীর ওপর জরিপ চালিয়ে তারা দেখেছে, নতুন চাকরিতে ঢোকার সময় ৮১ শতাংশ কর্মী বেতন দেখেন। কিন্তু বর্তমানে থাকা চাকরিতে টিকে থাকার বড় কারণ হিসেবে ৪৬ শতাংশ কর্মী ‘কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্যকে’ এগিয়ে রেখেছেন। মাত্র ২৩ শতাংশ কর্মী বেতনের টানে পড়ে থাকেন।
তাহলে বেশি বেতনের ফাঁদে পা দেওয়ার আগে কোন ৭টি কথা ভাববেন?
১. কাজের সময়সীমা কতটা স্বাভাবিক?
১ লাখ ২০ হাজার টাকা বেতন শুনেই লাফ দেওয়া ভুল হতে পারে। যদি প্রতিদিন রাত ১০টা পর্যন্ত অফিসে পচে মরতে হয়, তবে বুঝতে হবে অতিরিক্ত টাকার বিনিময়ে প্রতিষ্ঠানটি আপনার জীবনের আনন্দটুকুই কিনে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের বহুজাতিক অ্যানালিটিক্স এবং ম্যানেজমেন্ট কনসাল্টিং প্রতিষ্ঠান ‘গ্যালাপ’ ২০২৫ সালের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে। তারা জানায়, কাজের বাজে সময়সূচির কারণে কর্মীর মানসিক স্বাস্থ্য নষ্ট হয়। তাঁদের কাজের ক্ষমতাও তলানিতে গিয়ে ঠেকে। তাই প্রশ্ন করুন, অফিস কখন শুরু হয় তা নয়; অফিস আপনাকে কখন মুক্তি দেয়?
২. ছুটির দিনে বসের ফোন আসে কি?
চাকরি জীবনের বড় একটি অংশ হতে পারে। কিন্তু চাকরিই পুরো জীবন নয়। সপ্তাহে কয় দিন ছুটি মেলে? বছরে কত দিন সরকারি ছুটি থাকে? ছুটির দিনে কি বসের নোটিফিকেশন তাড়া করে? র‍্যান্ডস্ট্যান্ডের ২০২৬ সালের গবেষণায় বলা হয়েছে, কর্মীকে দীর্ঘদিন প্রতিষ্ঠানে ধরে রাখার প্রধান চাবিকাঠি হলো কাজ ও জীবনের সামঞ্জস্য। ব্যাংকে টাকা জমবে ঠিকই, কিন্তু হারিয়ে যাওয়া ব্যক্তিগত সময় আর ফিরে পাবেন না।
৩. চাকরিটি আপনাকে কী শেখাবে?
আজ ৬০ হাজার টাকা বেতন পাচ্ছেন। পাঁচ বছর পরও কি সেই একই কাজে পড়ে থাকবেন? ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ ২০২৫ সালে একটি সতর্কবার্তা দেয়। তাদের প্রকাশিত ‘ফিউচার অব জবস’ প্রতিবেদনে বলা হয়, ২০২৫ থেকে ৩০ সালের মধ্যে কর্মীদের প্রায় ৩৯ শতাংশ চলতি দক্ষতা অচল হয়ে পড়তে পারে।
তাই চাকরি নেওয়ার আগে ভাবুন, এই পদ কি দুই বছর পর আপনাকে আরও দক্ষ ও বহুমুখী বানাবে, নাকি একই স্থানে স্থবির করে রাখবে?
৪. প্রতিষ্ঠানের কাজের পরিবেশ কেমন?
বেতন ১ লাখ ২০ হাজার টাকা। কিন্তু বসের কল আসে মাঝরাতে। ভুল হলে শেখানোর বদলে টেবিল চাপড়ে ঝাড়ি দেওয়া হয়। সহকর্মীরা নিজের পদ বাঁচাতে সব সময় পেছনে লেগে থাকে। এমন পরিবেশে বেশি দিন চাকরিতে টিকে থাকা দায়। মনে রাখবে প্রযুক্তির উৎকর্ষের এই যুগে ‘ইমোশনাল স্যালারি’ বা মানসিক শান্তিতে থাকা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাজের সুস্থ পরিবেশ ও সম্মানও চাকরির বড় একটি সুবিধা।
৫. ভবিষ্যতে পদন্নোতির সুযোগ কেমন ও বেতন বাড়বে তো?
আজ যে চাকরিতে ৬০ হাজার টাকা মিলছে, দুই বছর পর সেখানে কত মিলবে? নিয়োগের আগে জানতে হবে বছরে বেতন বাড়ে কি না। পদোন্নতির নিয়ম আছে কি না। বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে টাকার চেয়ে কাজ শেখা ও নেটওয়ার্ক বাড়ানো বেশি দরকার। যে চাকরি আপনাকে প্রতিবছর নতুন দায়িত্ব ও পদন্নোতি দেয়, তা শুরুতে কম বেতন দিলেও ভবিষ্যতে আপনাকে বড় বেতনের সুযোগ করে দেবে।
৬. চাকরিটি কতটা নিরাপদ?
১ লাখ ২০ হাজার টাকার চাকরিতে ঢুকলেন। কিন্তু কোম্পানি প্রতিদিন কর্মী ছাঁটাই করছে। তিন মাস পর চাকরি থাকবে কি না, তা নিয়ে প্রতি রাতে দুঃস্বপ্ন দেখছেন। বহুজাতিক অ্যানালিটিকস এবং ম্যানেজমেন্ট কনসাল্টিং প্রতিষ্ঠান গ্যালাপ তাদের ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা যায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে মাত্র ২০ শতাংশ কর্মী নিজেদের কাজে পুরোপুরি মনোযোগ দিতে পেরেছেন। কাজের অনিশ্চয়তা কর্মীদের মানসিক শান্তি কেড়ে নেয়। বেশি বেতন পাওয়ার চেয়ে প্রতি রাতে শান্তিতে ঘুমানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৭. চাকরিটি কি আপনার স্বপ্নের সঙ্গে মেলে?
আপনার আগ্রহ প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়া। অথচ বেশি বেতনের লোভে এমন এক পদে ঢুকলেন, যেখানে অ্যানালগ ফাইল চালানো ছাড়া কাজ নেই। দুই বছর পর দেখবেন ব্যাংক ব্যালান্স হয়তো কিছুটা বেড়েছে। কিন্তু দক্ষতায় আপনি আগের চেয়েও পিছিয়ে গেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গবেষণা অনুযায়ী, ভবিষ্যতে মানিয়ে নেওয়ার ক্ষমতাই আসল শক্তি। তাই নিজেকে প্রশ্ন করুন, এই চাকরি পাঁচ বছর পর আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে?
তাহলে কি ১ লাখ ২০ হাজার টাকার চাকরি নেবেন না? অবশ্যই নেবেন! টাকা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস।বর্তমান বাজারদর, বাসাভাড়া আর সংসারের খরচের কথা ভাবলে বেতনের অঙ্ককে ছোট করার সুযোগ নেই। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় শুধুই অন্ধের মতো টাকার হিসাব মেলাবেন না।
একটি ভালো চাকরির আসল সূত্র হলো:
বেতন + সময় + ছুটি + শেখার সুযোগ + পরিবেশ + স্থায়িত্ব + ভবিষ্যৎ সম্ভাবনা।
তাই পরেরবার ১ লাখ ২০ হাজার টাকার চাকরির পাশে ৬০ হাজার টাকার প্রস্তাব দেখলে শুধুই টাকার অঙ্কে ভুলবেন না। একটু ঠান্ডা মাথায় ভাবুন। কারণ, মাঝেমধ্যে কম বেতনের ‘সাধারণ’ চাকরিটিও আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হয়ে উঠতে পারে!
Collected From  prothomalo



Related Posts

image

Six Icebreakers to Help Your Team Finally Connect

01/07/2026

Motivational

Remote teams often do not struggle to communicate. They struggle to connect. But somewhere between the task list and the end-of-day sign-off, the part that makes a team feel like a team can go missing. 

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

30/06/2026

Motivational

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো

image

আত্মবিশ্বাসের অভাব? যেভাবে বাড়াবেন

01/06/2026

Motivational

আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ গুণ যা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে, তা সে ব্যক্তিগত সম্পর্ক হোক বা পেশাদার সাফল্য। এটি আমরা জন্মগতভাবে নিয়ে আসি না, বরং ধীরে ধীরে তৈরি করে নিতে হয়। অনেকেই নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন না, অল্পতেই ভেঙে পড়েন।


Do you Need Any Help?