Facebook Youtube Twitter LinkedIn

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ সোমবার বিকেল ৩টায়

  • Nov 22, 2026
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় পরিবর্তন করা হয়েছে। আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন বিকেল ৩টায় ফল প্রকাশ করা হবে। ফলে ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের আরও চার ঘণ্টা অপেক্ষা করতে হবে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের নতুন সময় জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট [eduboardresults.gov.bd] (https://eduboardresults.gov.bd/) থেকেও ফল জানা যাবে। এ ছাড়া পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সময় শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছেন, সেখানেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।
এর আগে শনিবার (২১ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে পরবর্তী সিদ্ধান্তে প্রকাশের সময় চার ঘণ্টা পিছিয়ে বিকেল ৩টা নির্ধারণ করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হয়েছে।
আরএইচটি/আরএফ
Collected From dhakapost

All news