বিদেশে পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে অর্থ পাঠাতে পারবেন শিক্ষার্থীরা।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বিদেশে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে কয়েকটি বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।
শিক্ষার পাশাপাশি বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমাও বাড়ানো হয়েছে। আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পাঠানো যেত। নতুন নির্দেশনায় তা বাড়িয়ে ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাব খোলার নিয়মও সহজ করা হয়েছে। এখন থেকে বাংলাদেশে বসবাসকারী নাগরিকরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা দিয়ে এ হিসাবে জমা রাখতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব পরিবর্তনের মাধ্যমে বৈধ চলতি হিসাবভুক্ত লেনদেন আরও সহজ হবে। বিশেষ করে বিদেশে পড়াশোনা ও চিকিৎসার জন্য অর্থ পাঠাতে আগ্রহীদের ভোগান্তি কমবে।
Collected From jugantor